
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে বিশেষ টহল ও রোবাস্ট পেট্রোল পরিচালনা করেছে টাঙ্গাইল র্যাব-১৪, সিপিসি-৩ এর সদস্যরা। এ বিষয়ে প্রেসব্রিফিং করেন টাঙ্গাইল র্যাব-১৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর কাওছার বাঁধন।
ব্রিফিংয়ে তিনি বলেন, ময়মনসিংহ র্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসানের সার্বিক নিদের্শনায় টাঙ্গাইল র্যাব-১৪, সিপিসি-৩ এর ১০টি বিশেষ টহল টিম টাঙ্গাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অন্যান্য আইনশৃংখলা নিয়ন্ত্রণকারী সংস্থার সাথে রোবাস্ট পেট্রোল পরিচালনা করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে ও নিরাপত্তা নিশ্চিতকল্পে টাঙ্গাইলের ১২টি উপজেলার বিভিন্ন নোডাল পয়েন্টসমূহ রাবনা বাইপাস, আশেকপুর বাইপাস, ঘারিন্দা বাইপাস, করটিয়া বাইপাস, পাকুল্লা বাইপাস, মির্জাপুর বাইপাস, বাসাইল বাইপাস এলাকাসহ অন্যান্য থানা এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে রোবাস্ট পেট্রোল পরিচালনা করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষে যেকোন ধরনের নাশকতা রোধকল্পে, জনগনের জানমালের নিরাপত্তা রক্ষা করতে র্যাব সদা সর্বদা মাঠে প্রস্তুত রয়েছে। র্যাব ফোর্সেস এর মহাপরিচালকের নির্দেশনায় এই নির্বাচনে কেউ যাতে বাঁধার সৃষ্টি করতে না পারে, কোন ধ্বংসাত্বক কাজকর্ম করতে না পারে, সেই লক্ষে র্যাবের রোবাস্ট পেট্রোলিং, টহল টিম, গোয়েন্দা টিম মাঠে কাজ করছে। এছাড়া নির্বাচন ডিউটি উপলক্ষে মধুপুর উপজেলায় অস্থায়ী ক্যাম্প স্থাপন করে টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
টাঙ্গাইল র্যাব-১৪ এর আওতাধীন এলাকায় নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে, নির্বাচনী এলাকাগুলোতে যাতে কোন সংঘাত ও সহিংসতা না ঘটে ও জনগণ যাতে নির্বিঘ্ন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে র্যাব মাঠে কাজ করছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।






