
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের ধনবাড়ী উপজেলায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে ভোটকেন্দ্রে নারী ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। এদিকে বিকেল সাড়ে ৪টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর এখন কেন্দ্রগুলোতে চলছে ভোট গণনা।
সরেজমিনে ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি ছিল। ইউনিয়নের ৭টি ভোটকেন্দ্রেই ভোটগ্রহণ হয়েছে সম্পূর্ণ সুষ্ঠ ও স্বাভাবিক প্রক্রিয়ায়। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করায় সাধারণ ভোটাররা কোনো রকম বাধা ছাড়াই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন।
নির্বাচন সংশ্লিষ্টদের তথ্যমতে, এবারের নির্বাচনে ধোপাখালী ইউনিয়নে ভোটার উপস্থিতির হার ছিল অত্যন্ত সন্তোষজনক। মোট ভোটারের প্রায় ৮০ শতাংশ ভোটার উপস্থিতি লক্ষ করা গেছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দুপুরের আগেই অনেক কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে।পুলিশ, আনসার ও র্যাব এবং সেনাবাহিনীর টহল সার্বক্ষণিক নজরদারি বজায় রাখায় পুরো উপজেলা জুড়ে এক শান্ত পরিবেশ বিরাজ করে।
ধনবাড়ী উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে নিয়োজিত প্রিজাইডিং অফিসাররা জানান, দিনভর শান্তিপূর্ণ পরিবেশ থাকায় ভোটগ্রহণে কোনো বেগ পেতে হয়নি। নারী ভোটার উর্মী ও খাদিজা জানান, আমরা অত্যন্ত আনন্দের সাথে ভোট দিতে পেরেছি। কোনো ঝামেলা বা ভয় কাজ করেনি। মনে হয়েছে যেন একটি উৎসবের আমেজ চলছে। স্থানীয় সাধারণ মানুষ এবং প্রার্থীরা এই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।






