
স্টাফ রিপোর্টার ॥
১২ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের দুইটি গুরুত্বপূর্ণ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সহোদর দুই ভাই সংসদ সদস্য হিসেবে বিজয়ী হয়েছেন। এই আপন দুই ভাই দুজনেই বেএনপির কেন্দ্রীয় নেতা। এরা হলেন টাঙ্গাইল-২ (ভুঞাপুর-গোপালপুর) আসনে বিএনপির প্রার্থী সাবেক এমপি ও সাবেক উপমন্ত্রী, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালউদ্দিন টুকু।
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে আব্দুস সালাম পিন্টু ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের হুমায়ুন কবির পেয়েছেন ৬০ হাজার ৮৭১ ভোট। টাঙ্গাইল-৫ (সদর) আসনে তার ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দি জামায়াতে ইসলামীর আহসান হাবিব মাসুদ ৮০ হাজার ৮২৩ ভোট পেয়েছেন। এ আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির বহিস্কৃত সাধারন সম্পাদক ফরহাদ ইকবাল পেয়েছেন ৬৯ হাজার ৪০৮ ভোট।
আব্দুস সালাম পিন্টু টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং আগের নির্বাচনে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে টাঙ্গাইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে তিনি পর্যায়ক্রমে শিক্ষা, শিল্প ও তথ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২১শে আগষ্ট গ্রেনেড হামলার মামলায় দীর্ঘ প্রায় ১৭ বছর তিনি কারাভোগ করেছেন। তার ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু এবার টাঙ্গাইল-৫ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে বিজয়ী হয়েছেন। তিনি ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসন থেকে বিএনপির মনোনয়নে প্রতিদ্বন্দিতা করে পরাজিত হন। কেন্দ্রীয় ছাত্রদল ও যুবদলে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা থাকায় তিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংসদ সদস্য হিসেবে নব-নির্বাচিত এই সহোদর দুই ভাই পুরো টাঙ্গাইল জেলার উন্নয়নে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবেন, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর।






