
স্টাফ রিপোর্টার, কালিহাতী ॥
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরার কঠোর নজরদারির মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪ হাজার ২৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল লতিফ সিদ্দিকী হাঁস প্রতীকে পান ৬১ হাজার ৯০০ ভোট। এছাড়া জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুর রাজ্জাক দাঁড়িপাল্লা প্রতীকে ৪৮ হাজার ৫৬০ ভোট, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিঞা মোটরসাইকেল প্রতীকে ৪ হাজার ১২৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের আলী আমজাদ হাতপাখা প্রতীকে ১ হাজার ৭৯১ ভোট এবং জাতীয় পার্টির ইঞ্জিনিয়ার লিয়াকত আলী লাঙ্গল প্রতীকে ৭৫৫ ভোট পান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে কালিহাতী উপজেলা পরিষদ হলরুমে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তা খায়রুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
এবারের নির্বাচনে একটি বিশেষ দিক ছিল- সারাদেশের ন্যায় কালিহাতী উপজেলার প্রত্যেকটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তথ্যপ্রযুক্তি নির্ভর (আইসিটি) ব্যবস্থাপনার মাধ্যমে ভোটগ্রহণ প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়। দেশের নির্বাচনী ইতিহাসে এ ধরনের পূর্ণাঙ্গ সিসি ক্যামেরা নজরদারি এক নতুন নজির হিসেবে দেখা হচ্ছে।
এ বিষয়ে ভোটাররা জানান, তথ্যপ্রযুক্তির কারিগরি প্রয়োগ নির্বাচনে স্বচ্ছতা ও আস্থা বাড়িয়েছে। আধুনিক প্রযুক্তির এই ব্যবহার ভবিষ্যতে নির্বাচন ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ থেকেও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে তাৎক্ষণিক কোনো বড় অভিযোগ পাওয়া যায়নি।






