স্টাফ রিপোর্টার ॥
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলাতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার সময় ধনবাড়ী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভার আয়োজন করা হয়।
সভায় রাষ্ট্রীয় ঘোষণা অনুযায়ী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে উদযাপন করার লক্ষ্যে নানা আলাপ আলোচনা করা হয়। সেইসঙ্গে বিভিন্ন দফতরগুলো তাদের প্রস্তুতির কথা জানান। একইসঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করায় সকল রাজনৈতিক নেতারা উপজেলা প্রশাসনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ নূরজাহান আক্তার সাথীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান, থানার ওসি নূরুস সালাম সিদ্দিক, পৌর বিএনপির সভাপতি এসএম ছোবহানসহ বিভিন্ন পর্যায়ের উপজেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।