
স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইল এলজিইডিতে কামরুল ইসলাম সিদ্দিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে এলজিইডি ক্যাম্পাসে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঢাকা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবিএম রেজাউল বারী।
টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এলজিইডির প্রকল্প পরিচালক আব্দুর রাজ্জাক ও তাদের সহধর্মিনীদ্বয়। অনুষ্ঠান পরিচালনা করেন টাঙ্গাইল এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী জাহানার পারভীন। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী প্রকৌশলী সাকিব-উল-হাফিজ।
টুর্নামেন্টের ফাইনালে তিন সেটের খেলায় ঠিকাদার পক্ষের তুষী এন্টারপ্রাইজের হিমেল খান ও আলিমুল ইসলামকে পরাজিত করে নির্বাহী প্রকৌশলী দপ্তরের সাকিব-উল-হাফিজ ও নাদিমুল ইসলাম বিজয়ী হন।
টুর্নামেন্টে টাঙ্গাইল জেলার ১২টি উপজেলা ও ঠিকাদারদের সমন্বয়ে ৪টি গ্রুপে ২৮টি দল অংশগ্রহণ করে। চলতি বছরের গত (২৮ জানুয়ারি) রাতে এলজিইডির টাঙ্গাইল ক্যাম্পাসে কামরুল ইসলাম সিদ্দিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়।






