স্টাফ রিপোর্টার, কালিহাতী ॥
৪৮তম বিসিএসের মাধ্যমে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করতে যাওয়া নব নিয়োগপ্রাপ্ত ৭ চিকিৎসককে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়েছে। পবিত্র রমজান মাস শুরু হওয়ার প্রাক্কালে তাঁদের নির্ধারিত যোগদানের তারিখের একদিন আগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ফরাজী মোঃ মাহবুবুল আলম মঞ্জু।
তিনি নবনিযুক্ত চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দায়িত্বশীলতা, সততা ও মানবিকতা নিয়ে কাজ করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, তরুণ চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিনাত আলম। তিনি বলেন, নতুন চিকিৎসকদের যোগদানের ফলে স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার পরিধি ও কার্যক্রম আরও গতিশীল হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে উপজেলার স্বাস্থ্যখাতকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, নবনিযুক্ত চিকিৎসকদের আনুষ্ঠানিক যোগদানের তারিখ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)। তবে পবিত্র রমজান মাস শুরু হওয়ায় প্রশাসনিক সুবিধার্থে ও অংশগ্রহণ নিশ্চিত করতে বুধবারই অভ্যর্থনা অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে কেক কাটা ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে নবনিযুক্ত চিকিৎসকদের অভিনন্দন জানানো হয়।