
স্টাফ রিপোর্টার, কালিহাতী ॥
পবিত্র রমজান মাস উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন বাজার এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বিভিন্ন অনিয়মের দায়ে ৩টি পৃথক মামলায় মোট ৩০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
তদারকির সময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, অতিরিক্ত দামে বিক্রি, মজুতদারি ও অন্যান্য অসঙ্গতি যাচাই করা হয়। ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি ও বাজারে স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে সতর্ক করা হয়। একই সঙ্গে ক্রেতাদের স্বার্থ সুরক্ষায় সচেতনতামূলক কার্যক্রমও চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম। এ সময় তিনি জানান, রমজান মাসে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন লঙ্ঘনের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।






