
স্টাফ রিপোর্টার ॥
রোজার শুরুতেই প্রতিবছরই কিছু পণ্যের দাম বেড়ে যায়। গেল বছর সেই ধারায় কিছুটা ভিন্নতা দেখা গেলেও এবার পুরনো চিত্র ফিরেছে বাজারে। রোজার শুরুতেই বাজারে লেবুসহ কয়েকটি সবজির দাম বেড়েছে। যা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) টাঙ্গাইল শহরের বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, সবজির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মুরগি ও গরুর মাংসের দাম। কাঁচাবাজারের পণ্যের মধ্যে এখন সবচেয়ে বেশি আলোচনায় লেবু। গেল সপ্তাহে ২০ থেকে সর্বোচ্চ ৪০ টাকা হালিতে বাজারে লেবু পাওয়া যেত। কিন্তু সেটি এখন দ্বিগুণ থেকে তিন গুণ বেড়ে ৬০ থেকে ৮০ টাকা হালিতে বিক্রি হচ্ছে। দেশি কাগজি লেবুর তুলনায় এলাচি লেবুর দাম বাজারে বেশি।
টাঙ্গাইল পার্ক বাজারের সবজি বিক্রেতা শাহজাহান অন্যদিন ডেকে-ডেকে লেবু বিক্রি করেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে বাজারে গিয়ে দাম জানতে চাইলে তিনি উত্তর দেন এক বাক্যে, “একদাম ৮০ টাকা হালি।”
দাম বেড়ে যাওয়ার কারণ জানতে চাইলে বিরক্ত হয়ে ভ্রু-কুঁচকে তাকান শাহজাহান। একই বাজারের সবজি বিক্রেতা জসিম বলছিলেন, রোজার আগে লেবুর দাম বেড়েছে। আমাদের কেনাই বেশি, তাই বিক্রিও করতে হয় বেশি দামে। রোজায় অনেকে ইফতারিতে লেবুর শরবত পান করেন। ইফতারিতে মুড়িমাখা, হালিম বা অন্যান্য খাবারের সঙ্গেও লেবু পছন্দ করেন অনেকে। ফলে, এই ফলের চাহিদা বেড়েছে বাজারে। লেবুর দাম নিয়ে আলোচনার পাশাপাশি হাস্যরস তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। ফেসবুকে কেউ কেউ মজা করে লিখছেন, “আপনার এলাকায় লেবুর ভরি কত?”, ‘অনেক দামি লেবু দিয়ে শরবত পান করলাম’, কেউ আবার জানতে চাইছেন লেবু ছাড়া শরবত বানানোর রেসিপি।
বাজারে পাকা লেবু ১০০ টাকা হালি দরে কিনতে গিয়ে বিরক্ত বেসরকারি চাকরিজীবী হোসেন আলী। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মনে হচ্ছে এই দুদিনে লেবুতে ভিটামিনের মাত্রা বেড়ে গেছে। আর নইলে আমরা বোকা। ৮০ টাকা হালি দিয়ে লেবু কিনে অন্তত তাই মনে হচ্ছে।
বাজারে সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত। নিম্ন ও মধ্যম আয়ের মানুষের আমিষের চাহিদা মেটায় এই ব্রয়লার মুরগি। গেল সপ্তাহে বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ছিল ১৭০ থেকে ১৮০ টাকা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিক্রি হচ্ছিল ২০০-২২০ টাকা কেজিতে। সপ্তাহের ব্যবধানে অন্যান্য মুরগির দামও কেজি প্রতি ২০ থেকে ৭০ টাকা পর্যন্ত বেড়েছে। কাঁচাবাজেরের মুরগি বিক্রেতা হামিদ বলেন, প্রতি কেজি সোনালি মুরগি সপ্তাহের ব্যবধানে ৩০ থেকে ৪০ টাকা বেড়ে ৩৫০ থেকে ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দেশি মুরগি গেল সপ্তাহে ৬০০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হলেও এদিন বিক্রি হচ্ছিল ৭০০ থেকে ৭২০ টাকায়।
এছাড়া গরুর মাংস গেল সপ্তাহে ৭৫০ টাকায় বিক্রি হলেও রোজার শুরুতে বিক্রি হচ্ছিল ৭৮০ টাকায়।





