
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় শিল্পী আক্তার (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বড়চওনা খালিয়ার-বাইদ উত্তরপাড়া এলাকায় স্বামীর বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ শিল্পী আক্তার ওই এলাকার ফারুক মিয়ার (২১) স্ত্রী। মাত্র তিন মাস আগে তাঁদের বিয়ে হয়েছিল। উপজেলার বড়চওনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শিল্পী-ফারুক দম্পতি একই ঘরে ঘুমাতে যান। রাত সাড়ে ৩টার দিকে শাশুড়ি পারভীন বেগমকে সেহরি রান্না করতে ডাক দেন। সাড়াশব্দ না পেয়ে ছেলে ফারুক মিয়া ঘুম থেকে জেগে ওই ঘরেই শিল্পীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাঁর ডাকচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন।
খবর পেয়ে সখীপুর থানা পুলিশ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে গৃহবধূ শিল্পী আত্মহত্যা করে থাকতে পারেন।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে গৃহবধূর লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।






