
স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইল স্টেডিয়ামে পুরো দেশের ন্যায় ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের প্রতিদ্বন্দিতাপূর্ন উদ্বোধনী ম্যাচে কুষ্টিয়া জেলা ২ উইকেটে বগুড়া জেলা দলকে পরাজিত করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ট্রায়াল ওয়ানে শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল ভেন্যুর খেলা উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্চয় কুমার মহন্ত।
টাঙ্গাইল জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মমিনুর রশীদ তালকুদার শাইন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও জেলা ক্রিকেট কোচ ইসলাম খান ও আব্দুল্লাহ আল মামুন, জেলা আম্পায়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ আজিজ তালুকদার বাপ্পী ও টাঙ্গাইল স্পোর্টস একাডেমীর সহকারী কোচ মেহেদী হাসান রাসেল।
খেলায় টস জয়ী বগুড়া জেলা দল প্রথমে ব্যাটিং করে ৪২.৩ বলে ১০ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে। দলের পক্ষে রেদুয়ান ৩৪ ও রিফাত ২৯ রান করে। বিজয়ী দলের মুহিত ২২ রানে ৫টি উইকেট দখল করে।
জবাবে কুষ্টিয়া জেলা দল ৪১.৩ বলে ৮ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলে জয়লাভ করে। দলের পক্ষে উৎস ৫২ ও জীবন ৪০ রান করে। বিজিত দলের আবির ৩টি উইকেট দখল করে।
টাঙ্গাইল স্টেডিয়াম ভেন্যুতে অংশগ্রহণকারী দলগুলো হলো- কুষ্টিয়া, বগুড়া, ফরিদপুর ও বরিশাল জেলা। খেলায় আম্পায়ার ছিলেন- একরামুল হক ডিউক ও তমাল বিহারী দাস এবং স্কোরার- উত্তম গৌড়।






