
সখীপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের সখীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুতায়িত হয়ে চোর চক্রের সদস্য গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তাকে আটক করেছে স্থানীয় জনগণ। আহত ব্যক্তির শরীরের বিভিন্ন অংশ পুড়ে চামড়া বিচ্ছিন্ন হয়ে গেছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) ভোর প্রায় ৪টার দিকে উপজেলার বেতুয়া গ্রামের পুকুরপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আহত ও আটক ব্যক্তির নাম তাজুল ইসলাম (৩২)। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার শ্যামগাতি গাব গাছি এলাকার বিল্লাল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, পরিকল্পিতভাবে ট্রান্সফরমার চুরি করতে এসে চোরেরা ট্রান্সফরমারের মেইন লাইন কেটে দেয়। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে ভেবে খুঁটি ব্যবহার করে ট্রান্সফরমার খুলতে গেলে চোর চক্রের দু’জন বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ সময় একজনকে মৃত ভেবে অপর সহযোগীরা দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা আরও জানান, গভীর রাতে বিকট শব্দের পর এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেহরির পর এলাকাবাসী ট্রান্সফরমারের কাছে গেলে একজনকে নিচে পড়ে থাকতে দেখে গ্রামবাসী। পরে পুলিশে খবর দেওয়া হয়।
সখীপুর উপজেলা পিডিবির (বিক্রয় ও বিতরণ বিভাগ) সহকারী প্রকৌশলী আল আমিন বাদী হয়ে এ ঘটনায় মামলা দায়ের করেছেন। আহত তাজুল ইসলাম বর্তমানে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় মামলা হয়েছে। আসামী পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।






