স্টাফ রিপোর্টার ॥
বর্তমানে কার্যক্রম স্থগিত থাকা রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারী) নিষিদ্ধ সংগঠন টাঙ্গাইল জেলা ছাত্র লীগের কর্মী এবং সরকারি মওলানা মোহাম্মদ আলী কলেজের শিক্ষার্থী নাইমুর রহমান নাইম টাঙ্গাইল পৌর শহরের মেইন রোডে অবস্থিত টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পরে তিনি পতাকা উত্তোলনের ভিডিও এবং বক্তব্যের ভিডিও তিনি তার ফেসবুক আইডিতে পোস্ট করেন।
ভিডিওতে দেখা যায়, নাইমুর রহমান নাইম নামের ওই ছাত্রলীগ কর্মী একটি বাঁশের লাঠির মধ্যে বাংলাদেশের জাতীয় পতাকা বেধে আওয়ামী লীগের কার্যালয়ে উত্তোলন করছেন। এ সময় বক্তব্যে তাকে বলতে শোনা যায়, আমি নাইমুর রহমান নাইম, টাঙ্গাইল জেলা ছাত্র লীগের একজন ক্ষুদ্র কর্মী। আমার ব্যক্তিগত উদ্যোগে দলের পক্ষ থেকে আজকে টাঙ্গাইল জেলা কার্যালয়ে আমি বাংলাদেশের পতাকা উত্তোলন করেছি। আপনারা সবাই আমার পক্ষে থাকবেন, ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলনের ঘটনাটি নিয়ে শহরে তীব্র আলোচনা চলছে।
উল্লেখ্য, বিগত ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে এবং (৫ আগস্ট) শেখ হাসিনার সরকারের পতনের পর ছাত্র-জনতা আওয়ামী লীগের অফিসটি কয়েক দফা ভাংচুর ও অগ্নি সংযোগ করে। এরপর থেকে অফিসটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। বর্তমানে সেখানে অস্থায়ী দোকান বসেছে।