
স্টাফ রিপোর্টার ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক (বহিস্কৃত) অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে প্রধান আসামী করে ২১ জনের নামে ও অজ্ঞাতনামা আরো ১৫/২০ জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে। গত রোববার (২২ ফেব্রুয়ারি) টাঙ্গাইল পৌরশহরের ১৩নং ওয়ার্ডের আবু নাসের আল আমিন পাপন বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।
মামলার অপর আসামীরা হলেন- টাঙ্গাইল পৌর বিএনপির সভাপতি (বহিস্কৃত) মেহেদী হাসান আলিম, লিও রাকিব হোসেন রানা, আবিদ হাসান ইমন, আনিস, ইমন, শুভ, শিশির, হোসেন, সোনাই বেপারী, সাধু, হৃদয়, সালাম, আবদুল্লাহ বেপারী, রোমান বেপারী, নাইম, আকাশ বেপারী, হেলাল বেপারী, সবুজ বেপারী, ইফাদ বেপারী, সুমন ওরফে দুলু।
মামলা সুত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল উপলক্ষে গত (১৯ জানুয়ারী) দুপুরে বাদি নিজে তার সাথে সাব্বির খান ও থানাপাড়ার বিপ্লব আরেফিন খানসহ বিএনপি নেতাকর্মিদের নিয়ে শান্তিকুঞ্জ মোড় পৌছান। এ সময় ফরহাদ ইকবালের সাথে থাকা লোকজন তাদের উপর হামলা করে। তারা লোহার রড দিয়ে পিটিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। এছাড়াও হত্যার উদ্দেশ্যে গলা টিপে ধরে এলোপাথারী কোপান। তাদের ডাকচিৎকারে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। এ ঘটনায় টাঙ্গাইল পৌরশহরের ১৩নং ওয়ার্ডের আবু নাসের আল আমিন পাপন বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন পান কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউুিদ্দন টুকু। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। দলীয় শৃংখলা ভঙ্গ করায় ফরহাদ ইকবাল, টাঙ্গাইল পৌর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলিমসহ ফরহাদের অনুসারী অনেক নেতাকে দল থেকে বহিস্কার করা হয়। নির্বাচনে ধানের শীষ প্রতিকে ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট পেয়ে বিজয়ী হন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। স্বতন্ত্র প্রার্থী হয়ে হরিণ প্রতিকে ফরহাদ ইকবাল ৬৯ হাজার ৪০৮ ভোট পেয়ে হেরে যান। মামলার আসামীরা সবাই ফরহাদের অনুসারী।
এ বিষয়ে ফরহাদ ইকবাল বলেন, স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার কারণে আক্রোশের বশবর্তী হয়ে আমি এবং আমার পক্ষে যারা নির্বাচন করেছিলেন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, পাপন নামের একজন বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।






