
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মধুপুরে র্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া মাদক কারবারির নাম রফিকুল ইসলাম। সোমবার (২ মার্চ) রাতে মধুপুর উপজেলার আটাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাব। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সিপিসি ৩, র্যাব-১৪-এর টাঙ্গাইল ক্যাম্প হতে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানে হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২ মার্চ) রাতে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার আটাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের আভিযানিক দল। অভিযানের সময় মাদক কারবারি রফিকুল ইসলামকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ ও বিক্রির উদ্দেশ্যে হেফাজতে রাখতেন।
রফিকুলের দেওয়া তথ্য অনুযায়ী, রান্নাঘরের একটি সিমেন্টের বস্তার ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা। এছাড়া মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত রফিকুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মধুপুর থানায় হস্তান্তর করা হয়েছে।






