
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দুই ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুরাইয়া ইয়াসমিন। বুধবার (৪ মার্চ) দিনব্যাপী উপজেলার চাঁনপুর ও পাহাড়পুর পৃথক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার লতিফপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় মেসার্স সান ব্রিকসের মালিককে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ও অনুমতি না নিয়ে কৃষি জমির মাটি কাটার অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে পাহাড়পুর এলাকায় অবস্থিত মেসার্স আলাউদ্দিন (এইউবি) ব্রিকসের মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুরাইয়া ইয়াসমিন বলেন, দুইটি ইটভাটায় অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় ১ লাখ করে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ইটভাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






