স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। শুক্রবার (৬ মার্চ) দুপুরে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃত মোটরসাইকেল চোররা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার পূর্ব আদালতপাড়ার মৃত ওমর আলীর ছেলে সাগর আলী (২৮), একই এলাকার মৃত আবু মিয়ার ছেলে পনির (২৭), ইসমাইল হোসেনের ছেলে আনিছুর রহমান আনিছ, ঢাকার ধামরাই উপজেলার চৌহাট এলাকার রজ্জব আলীর ছেলে জাহিদ হোসেন (৩০) এবং একই এলাকার বাবুল হোসেনের ছেলে বিপ্লব হোসেন হৃদয় (২৫)।
অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, গত (২২ জানুয়ারী) রাতে টাঙ্গাইল প্রেসক্লাবের নিচ থেকে সাংবাদিক মোমিনুর রহমানের মোটরসাইকেল একটি চক্র চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মোমিনুর রহমান টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। অন্যদিকে (২৬ ফেব্রুয়ারি) শহরের সাবালিয়া পাঞ্জাপাড়া এলাকায় শাহীন মিয়ার মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় টাঙ্গাইল সদর থানার মামলা করা হয়। এসব চুরির ঘটনায় পুলিশ তথ্য প্রযুক্তি ও বিভিন্ন তথ্য সূত্র সংগ্রহ করতে থাকে।
এক পর্যায়ে জড়িত ব্যক্তির অবস্থান সনাক্ত করে গত মঙ্গলবার (৩ মার্চ) পূর্ব আদালতপাড়া চৌধুরী বাজার এলাকা অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাগর আলী ও পনিরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদে তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ মার্চ) গাজীপুরের কালিয়াকৈর থেকে মোটরসাইকেলসহ আনিছুর রহমান ও জাহিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে টাঙ্গাইল সদর উপজেলার কুমুদিনী কলেজ গেইট থেকে বিপ্লব হোসেন হৃদয়কে মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল চুরির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।