
স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ৮ বছরের এক শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে। হত্যাকান্ডের শিকার শিশু কন্যার নাম আয়শা আক্তার (৮)। সে উপজেলার মামুদনগর ইউনিয়নের পোষ্টকামারী গ্রামের হাসেম মিয়ার মেয়ে। রোববার (৮ মার্চ) বিকালে ভিকটিমের প্রতিবেশী ওই গ্রামের বাহাদুর মিয়ার বাড়ির পাশে এমন মর্মান্তিক ঘটনাটি ঘটে। এই ঘটনায় মাদকাসক্ত আজমির হোসেন (১৬) নামে এক যুবককে পুলিশ আটক করেছে।
নিহত শিশুর মা জানায়, দুপুর আড়াইটার দিকে তার মেয়ে আয়শা বাড়ির পাশে বাহাদুর মিয়ার বাড়ির পিছনে খেলা করছিলো। এর ঘন্টা খানেক পর মেয়ের চাচা ফজলু মিয়া মাঠে কাজ করে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে ভাতিজীকে মাটিতে পরে থাকতে দেখে শিশুর পরিবারকে খবর দেয়।
পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে ওই শিশুর নিথর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। নিহতের মা আরো জানায়, তার মেয়ে আয়শার পায়ে নুপুর ছিল। লাশ উদ্বারের সময়তা পাওয়া যায়নি। প্রতিবেশী মাদকাসক্ত আজমির হোসেন (১৬) নেশার টাকার জন্য শিশুটিকে হত্যা করে নুপুর নিয়ে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ হাসান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। তদন্তের পর হত্যাকান্ডের সঠিক কারণ জানা যাবে।





