
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের ঝুনকাইল দক্ষিণপাড়ায় রাস্তা থেকে প্রাইভেটকার চুরির ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মো. সেন্টু (২৬)। সোমবার (৯ মার্চ) বিকেলে ঘাটাইল উপজেলার রসুলপুর পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প এর একটি আভিযানিক টিম। মঙ্গলবার (১০ মার্চ) সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প হতে দেয়া প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে ঘাটাইল উপজেলার ঝুনকাইল গ্রামের বাসিন্দা মো. হুমায়ুন কবির (৫৮) জুমার নামাজ আদায়ের জন্য স্থানীয় মসজিদে যান। এ সময় তিনি তার ব্যবহৃত প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ-২৬-০১৭৭) দেউলাবাড়ি ইউনিয়নের ঝুনকাইল দক্ষিণপাড়ায় রাস্তার পাশে পার্ক করে রেখে যান। নামাজ শেষে ফিরে এসে তিনি দেখেন, গাড়িটি সেখান থেকে চুরি হয়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগী হুময়ুুন কবির বাদী হয়ে ঘাটাইল থানায় একটি চুরির মামলা দায়ের করেন। মামলা রুজু হওয়ার পর র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প ঘটনার ছায়াতদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ঘাটাইল উপজেলার রসুলপুরের পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে মো. সেন্টুকে গ্রেপ্তার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, একই চুরির ঘটনায় এর আগে গত ২ মার্চ লালমনিরহাট জেলার আব্দুল কাদের (২৭) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার মামুন আহমেদ (৪২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে তাদের সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত আসামি সেন্টুকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঘাটাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।






