স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকায় অবস্থিত শহীদ একাডেমিক স্কুল এন্ড কলেজের একাডেমিক ভবনের ছয় তলা থেকে পড়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আতংক দেখা দিয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ মার্চ) সকালে শিক্ষা প্রতিষ্ঠানের ছয়তলা ভবন থেকে পড়ে গুরুতর আহত হয় শিক্ষার্থী মুহিদুল ইসলাম লামিত (১৪)। পরে স্কুলের কর্তব্যরত শিক্ষকরা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিক্ষার্থীর দাদা ও চাচা অভিযোগ করে সাংবাদিকদের বলেন, শিক্ষকদের অবহেলা ও যথাযথ তদারকির অভাবের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
শিক্ষার্থীর মৃত্যু বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কীভাবে এটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার (ওসি) রুহুল আমীন সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীর মৃত্যু বিষয়টি আমরা জেনেছি। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।