
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত প্রসেনজিৎ সরকারকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার প্রসেনজিৎ সরকার মির্জাপুর পৌরসভার আন্ধরা গ্রামের পাগল সরকারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল প্রসেনজিৎ। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত (৫ মার্চ) বিয়ের কথা বলে ওই ছাত্রীকে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে প্রসেনজিৎ। পরদিন শুক্রবার (৬ মার্চ) ওই ছাত্রী বিয়ের জন্য চাপ দিলে সে অস্বীকৃতি জানায়।
এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে গত বুধবার (১১ মার্চ) রাতে মির্জাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর রাতেই মির্জাপুর থানার উপ পরিদর্শক (এসআই) শামীম আহমেদ অভিযান চালিয়ে অভিযুক্ত প্রসেনজিৎকে গ্রেপ্তার করেন।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তার আসামিকে বৃহস্পতিবার (১২ মার্চ) টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া ভুক্তভোগী ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।






