স্টাফ রিপোর্টার ॥
নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম ঈদকে ঘিরে টাঙ্গাইলের মার্কেটে কেনাকাটায় ফিরেছে স্বস্তি ও প্রাণচাঞ্চল্য। দীর্ঘদিনের অস্থিরতা, বাজারে অনিয়ম ও নিরাপত্তা শঙ্কার পর এবার তুলনামূলক শান্ত পরিবেশে শুরু হয়েছে ঈদের কেনাকাটা। মার্কেট, শপিংমল ও ফুটপাতের দোকানগুলোতে সকাল থেকেই বাড়ছে ক্রেতাদের ভিড়। বিশেষ করে পোশাক, জুতা ও প্রসাধনী দোকানে দেখা যাচ্ছে ব্যস্ততা। ক্রেতারা বলছেন, আগের চেয়ে বাজার পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকায় পরিবার নিয়ে কেনাকাটায় বের হতে সাহস পাচ্ছেন তারা। আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও ট্রাফিক ব্যবস্থাপনা বাড়ানোয় টাঙ্গাইল শহরবাসীর মধ্যে তৈরি হয়েছে নিরাপত্তার অনুভূতি। বিক্রেতারাও আশাবাদী, নতুন সরকারের সময়ে ব্যবসা-বাণিজ্যে স্থিতিশীলতা আসবে এবং ঈদের শেষ দিকে বিক্রি আরও বাড়বে।
তুলনামূলক শপিংমল থেকে শুরু করে ফুটপাত-সবখানেই ক্রেতাদের ভিড় দেখা গেছে। তবে চড়া দামের কারণে অনেকেই বড় মার্কেটের বদলে ফুটপাতের দিকেই ঝুঁকছেন। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো মূলত শিশুদের পোশাকে গুরুত্ব দিচ্ছেন, আর নিজেদের জন্য বেছে নিচ্ছেন সাশ্রয়ী বিকল্প। টাঙ্গাইল শহরের বিভিন্ন শপিংমলে ঈদ উপলক্ষে বাড়তি ভিড় দেখা যাচ্ছে। তবে অনেকেই দাম বেশি হওয়ায় কেনাকাটা না করেই ফিরে যাচ্ছেন। কেউ কালেকশন দেখে রাখছেন ঈদের কাছাকাছি সময় কেনার জন্য, আবার কেউ পছন্দের পোশাক না পেয়ে অনলাইনের দিকেও ঝুঁকছেন। মার্কেটে পরিবার নিয়ে কেনাকাটা করতে আসছে শিবলী-নিলুফা দম্পতি। তারা জানান, দুই সন্তানের জন্য কেনাকাটা করতেই বাজেট শেষ হয়ে গেছে। তাই নিজেদের পোশাক কিনতে তারা ফুটপাতের দোকান বেছে নিয়েছে।
মার্কেটের ব্যবসায়ীরা বলেন, এবার আমরা চাই ভালো বিজনেস করতে। গত দুই বছর হলো দেশের রাজনৈতিক পরিস্থিতি অনেক খারাপ ছিল। এবার নতুন সরকারের সময় সুস্থ ও স্বাভাবিকভাবে কেনাকাটা করছে ক্রেতারা।
এদিকে ইফতারের আগে ও পরে জেলা শহরের মার্কেট ও শপিং কমপ্লেক্সে প্রচন্ড ভিড় দেখা যাচ্ছে। সাধারণ মানুষের চাপে কেনাকাটাই অনেক চ্যালেঞ্জ হয়েছে। আকিদা নামের এক তরুণী বলেন, কিনতে না পারলে অনলাইনে অর্ডার করব বলে ভাবছি। ইফতার-পরবর্তী সময়ে জমে উঠেছে কেনাকাটা। দোকানের ম্যানেজার রাকিবুল ইসলাম জানান, উন্নতমানের টি-শার্টের চাহিদা বেশি। তবে চাকরিজীবীরা বেতন ও বোনাস পাওয়ার পরই মূল ভিড় শুরু হয়েছে।
এদিকে ফুটপাতগুলোতে ভিড় আরও বেশি। ফুটপাতের ব্যবসায়ী নাসির উদ্দীন বলেন, ব্র্যান্ডের জুতার বদলে কম দামে রেপ্লিকা পণ্যে ক্রেতারা সন্তুষ্ট। এতে বেচাকেনাও ভালো হচ্ছে। পুরো সড়কজুড়ে ভ্যানে, চৌকিতে ও মাটিতে পাটি বিছিয়ে দোকান বসিয়েছেন ব্যবসায়ীরা। ভিড় ঠেলে পছন্দের পণ্য কিনছেন ক্রেতারা। বাচ্চাদের পোশাক কিনতে আসা শহীদুল ইসলাম বলেন, সাধ ও সাধ্যের মধ্যে সব পাওয়া যায় এখানে। বাচ্চাদের জামা-কাপড়, নিজের শার্ট-প্যান্ট, এমনকি স্ত্রীর থ্রি-পিসও। বিক্রেতা নুরুউদ্দীন জানান, ঈদের কারণে সড়ক বন্ধ থাকায় ব্যবসা সুবিধাজনক হয়েছে, ক্রেতারাও স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারছেন। এছাড়া টুপি, আতর ও তসবিহ কিনতেও ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো।
তবে ঈদ বাজারের কারণে টাঙ্গাইল শহরের বিভিন্ন সড়কে দিনভর যানজট লেগেই আছে। সব মিলিয়ে ঈদের বাজার এখন পুরোপুরি জমে উঠেছে। বড় মার্কেট থেকে ফুটপাত, সবখানেই উৎসবের আমেজ, তবে দামের চাপ সামলাতে গিয়ে ক্রেতারা খুঁজছেন সাশ্রয়ী পথ।