
স্টাফ রিপোর্টার, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লাবনী সিদ্দিকীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে কালিহাতী উপজেলা বিএনপির কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে লাবনী সিদ্দিকী বলেন, তিনি কালিহাতীরই সন্তান এবং এলাকার মানুষের সঙ্গে থেকে কাজ করতে চান। তার পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং সেই ধারাবাহিকতায় তিনিও দলীয় আদর্শে বিশ্বাসী।
তিনি আরও বলেন, দীর্ঘদিন তিনি সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চান। জনগণের ভালোবাসা ও দোয়া নিয়েই তিনি মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আগামী উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, এলাকার উন্নয়ন, জনসেবা ও কল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখতে চান। এ লক্ষ্যে তিনি সকল নেতাকর্মী ও এলাকাবাসীর সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহর আলী, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ মিয়া, ছাত্রদলের সাবেক সভাপতি রশিদুল ইসলাম রতন, সাতুটিয়া ৫নং ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী বেলাল মন্ডলসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজিত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন কিসলু খান। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।






