
গোপালপুর সংবাদদাতা ॥
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় স্বপ্না খাতুন (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ঝাওয়াইল গ্রামের স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্বামী শান্ত ইসলামসহ শ্বশুর বাড়ির পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
নিহত স্বপ্না খাতুন ভূঞাপুর উপজেলার ভারই গ্রামের চাঁন মিয়ার মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চলছিল। পারিবারিক কলহ ও অপমান সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।






