
স্টাফ রিপোর্টার ॥
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে টাঙ্গাইলের বিভিন্ন মার্কেট ও ফুটপাতজুড়ে শেষ মুহূর্তের কেনাকাটায় উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ঈদের আর মাত্র একদিন বাকি থাকায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের ভিড়ে মুখর হয়ে উঠেছে শহরের প্রধান বাণিজ্যিক এলাকাগুলো।
সরেজমিনে দেখা যায়, শহরের মুক্তিযোদ্ধা মার্কেট, ভিক্টোরিয়া রোড, পুরাতন আদালত রোড, কালিবাড়ী রোড, মেইন রোড, আকুরটাকুর পাড়ায় অবস্থিত বিভিন্ন মার্কেট ও শপিং কমপ্লেক্সে মানুষের ঢল নেমেছে। পরিবার-পরিজন নিয়ে ঈদের পোশাক, জুতা, প্রসাধনীসহ নিত্যপ্রয়োজনীয় নানা সামগ্রী কিনতে ভিড় করছেন ক্রেতারা। বিশেষ করে সন্ধ্যার পর ভিড় আরও বেড়ে যাচ্ছে, ফলে অনেক জায়গায় চলাচল করাও কষ্টসাধ্য হয়ে পড়েছে।ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যস্ততা ও আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেকেই আগে কেনাকাটা করতে পারেননি। ফলে শেষ মুহূর্তেই বাজারমুখী হচ্ছেন তারা।
চাকরিজীবী সবুজ খান বলেন, অফিসের কাজের কারণে আগে সময় পাইনি। আজই ছুটিতে এসে পরিবারের সবার জন্য কেনাকাটা করতে বের হয়েছি। তাই বাধ্য হয়েই এই ভিড়ের মধ্যেই কেনাকাটা করতে হচ্ছে। মার্কেট করতে এসে ক্রেতা আল-ইসলাম শেখ বলেন, বেতনের টানাটানির কারণে মাসের শুরুতে কেনাকাটা করা সম্ভব হয়নি। তাই ঈদের একদম কাছাকাছি সময়ে আসতে হয়েছে। ভিড় বেশি হলেও পরিবারের সবার জন্য সাধ্যের মধ্যে ভালো কিছু কিনতে চাই।
এদিকে ব্যবসায়ীরাও শেষ সময়ের ভিড়ে সন্তোষ প্রকাশ করেছেন। কাপড়ের এক দোকানি বলেন, পুরো রমজান মাসজুড়ে বিক্রি ভাল ছিল, তবে শেষ কয়েক দিনে ক্রেতার চাপ অনেক বেড়েছে। আশা করছি চাঁদ রাত পর্যন্ত ভালো বিক্রি হবে। তবে অতিরিক্ত ভিড়ের কারণে ভোগান্তিতেও পড়ছেন সাধারণ মানুষ। শহরের বিভিন্ন স্থানে যানজট, পার্কিং সংকট এবং গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন অনেকে।






