
স্টাফ রিপোর্টার ॥
ঈদ যাত্রার শেষ দিনে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ কমে এসেছে। ফলে মহাসড়ক এখন অনেকটাই ফাঁকা। এদিকে বাসস্টপেও যাত্রী কম দেখা গেছে। শুক্রবার (২০ মার্চ) সকাল থেকেই এই মহাসড়কে গাড়ির চাপ কমে যায়। মহাসড়কে উত্তরবঙ্গের দিকে কিছু গাড়ি যাচ্ছে যাত্রী নিয়ে এবং উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে গাড়িগুলো অনেকাংশে খালি অবস্থায় যাচ্ছে।
ঈদের আগের দিনও ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক হয়ে বাড়ি ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। তবে স্বাভাবিকের চেয়ে কম পরিবহন চলাচল করায় বাসের সংকট দেখা দিয়েছে। এক থেকে দেড় ঘণ্টা দাঁড়িয়ে থেকেও বাস পাচ্ছে না ঘরমুখো মানুষ। অনেকেই ঝুঁকি নিয়ে খোলা ট্রাক-পিকআপে বাড়ি যাচ্ছে।
শুক্রবার (২০ মার্চ) সরেজমিন মহাসড়কের রাবনা ও এলেঙ্গা বাসস্ট্যান্ডে গিয়ে যায়, কেউ একা, কেউ পরিবার পরিজন নিয়ে বাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করছে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ বলেন, মহাসড়কে যানবাহনের চাপ খুব কম। ঈদের আগের দিন স্বস্তিতে বাড়ি ফিরছে উত্তরাঞ্চলের মানুষ।
এদিকে, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের গোড়াই থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার সড়কে সার্বিক নিরাপত্তায় ও ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে জেলা পুলিশের প্রায় এক হাজার সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন আছে।






