
স্টাফ রিপোর্টার ॥
একদিন পর মুসলিম ধর্মের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে কেনাকাটা জমে উঠেছে টুপি ও আতরের দোকানে। তবে দাম একটু বেশি বলছেন ক্রেতারা। সরেজমিনে দেখা যায়, ঈদের শেষ মুহূর্তে টাঙ্গাইল শহরের বিভিন্ন বাজার ও ফুটপাতের দোকানে টুপি ও আতর কিনতে ভিড় করছেন ক্রেতারা। ফুটপাতের টুপি ও আতরের দোকানগুলোতে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। এসব দোকানে ৫০ টাকা থেকে শুরু করে ২৫০ টাকা পর্যন্ত দামে বিভিন্ন ধরনের টুপি বিক্রি হচ্ছে। এছাড়া আতরের দাম রয়েছে ৮০ টাকা থেকে শুরু করে প্রায় ৪০০ টাকা পর্যন্ত।
টুপি কিনতে আসা সাবিরুল ইসলাম বলেন, ঈদকে সামনে রেখে বাজারে কিছুটা দাম বেড়েছে। মধ্যবিত্ত মানুষের জন্য ঈদের বাজার করা কিছুটা কষ্টকর। তারপরও ঈদের দিনটিকে সুন্দরভাবে উদযাপন করার জন্য মানুষ টুপি ও আতর কিনে থাকে। আমিও কিনবো দেখে শুনে। টুপি কিনতে আসা হাফেজ মোহাইমিনুল ইসলাম বলেন, ঈদের সময় বাজারে দাম একটু বেড়ে যায়। আতরের দামও কিছুটা বেড়েছে। তারপরও ঈদের জন্য টুপি ও আতর কিনছি। পোশাক না কিনলেও টুপি ও আতর ঈদের সাজে আলাদা সৌন্দর্য যোগ করে।
ছেলেকে নিয়ে টুপি কিনতে আসা রায়হান আলী বলেন, ছেলেকে নিয়ে বাজারে এসেছি। তার জন্য পাঞ্জাবি ও পায়জামা কিনে দিয়েছি। এখন সে নিজে বলছে একটি টুপি নেবে, তাই ছেলের জন্য টুপি কিনছি। ফুটপাতের দোকানগুলোতে মার্কেটের তুলনায় দাম কিছুটা কম। টুপি ব্যবসায়ী ফিরোজ হোসেন বলেন, রমজানের শুরুতে তেমন বিক্রি হয়নি। তবে গত দুই-তিন দিন ধরে বিক্রি ভালো হচ্ছে। ফুটপাতে দোকান হওয়ায় মানুষ কম দামে টুপি কিনতে পারছেন। আমার দোকানে ৫০ থেকে ২৫০ টাকার মধ্যে টুপি রয়েছে। আর আতর রয়েছে ৮০ থেকে ৪০০ টাকার মধ্যে। ঈদের সময় সব কিছুর দাম বাড়ে। তারপরও আমরা চেষ্টা করছি ক্রেতাদের যেন কম দামে দিতে পারি।
মার্কেটে টুপি দোকানদার জসিম বলেন, এবারের ঈদে টুপি ও আতরের বিক্রি ভালো হচ্ছে। এখন ধীরে ধীরে বাজার জমে উঠতে শুরু করেছে। ক্রেতারা তাদের পছন্দমতো টুপি কিনে নিচ্ছেন। তবে আগের তুলনায় দাম কিছুটা বেড়েছে, বাজারে ভালো মানের টুপি এসেছে। মার্কেটের আতর বিক্রেতা রফিক বলেন, সামনে ঈদ হওয়ায় আতরের চাহিদা বেড়েছে। অনেকে এখন আতর কিনছেন। ক্রেতাদের কথা চিন্তা করে যতটা সম্ভব কম দামে আতর বিক্রি করার চেষ্টা করছেন তারা।






