
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৮ টায় জেলার প্রধান এই জামাত অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে ইমামতি করেন টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা শামসুজ্জামান। প্রথম জামাতের পর সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।
জেলার প্রধান জামাতে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ, নানা শ্রেণী পেশার মানুষসহ ধর্মপ্রাণ মুসুল্লীরা এতে অংশ নেয়।
নামাজ শেষে পরিবার, আত্মীয়-স্বজন হারানো মানুষ, দেশ-জাতির কল্যান কামনা ও বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। ঈদ জামাত শেষে একে অপরের সাথে কোলা-কুলি ও কুশল বিনিময় করেন মুসুল্লীরা।
টাঙ্গাইলের কেন্দ্রীয় ঈদ গাঁ মাঠে একসঙ্গে ২০ হাজার মুসুল্লীর অংশগ্রহণে স্বাচ্ছন্দ্য ও নির্বিঘ্নে ঈদ-উল-ফিতরের প্রধান জামাত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এ সময় সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার্থে ঈদ গাঁ মাঠে উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল জেলা ইসলামী ফাউন্ডেশন সূত্রে জানা যায়, এবার টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় সর্বমোট ১৪৯০ ঈদ গাহে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।





