
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কাজিপাড়া এলাকায় ঈদের নামাজে টাকা তোলা নিয়ে ঈদগাঁ মাঠে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) সকালে সংঘর্ষের এ ঘটনাটি ঘটে। সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের নামাজ আয়োজনকে কেন্দ্র করে টাকা তোলাকে ঘিরে পূর্ব থেকে বিরোধ ছিল। এর জেরে শনিবার (২১ মার্চ) সকালে ঈদের নামাজের পর উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়ে তা একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে এক পর্যায়ে এক পক্ষ অপর পক্ষকে পাশের পুকুরের পানিতে চোবাতে দেখা যায় ওই ভিডিওতে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে স্থানীয়রা জানান, যেহেতু এলাকার বিষয়। তাই স্থানীয়ভাবে মীমাংসা করা হয়ে গেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তবে এ বিষয়ে থানায় কেউ কোন লিখিত অভিযোগ করেনি বা মৌখিকভাবেও জানায়নি বলে জানান, কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক ই আজম। তিনি মুঠোফোনে সাংবাদিকদের আরো জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণ করা হবে।






