স্টাফ রিপোর্টার ।।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমেই আমাদের বাংলাদেশ। সেখানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদের নিয়ে কাজ করে। ২৪ এর গণঅভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তাদের নিয়েও কাজ করে। তাদের বিষয়েও আমরা খুব আন্তরিক। এটা নিয়েও আমরা কাজ করছি। তাদের বিষয়েও দেখভাল করার দায়িত্ব কর্তব্য আমাদের রয়েছে।
রবিবার (২২ মার্চ) টাঙ্গাইল সার্কিট হাউজে সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, গণতন্ত্রের জন্য প্রয়াত আপোষহীন নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আমরা অনেক আন্দোলন, সংগ্রাম করেছি। অনেক ত্যাগ ও রক্ত দিয়েছি। বিএনপি ১৮ বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে। গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। তাই আমরা মুক্তিযোদ্ধা সংসদের কমিটিসহ প্রতিটি ক্ষেত্রেই গণতন্ত্রকে গুরুত্ব দেবো।
মন্ত্রী বলেন, আমাদের প্রাণের নেতা তারেক রহমান আমাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ায় তাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে এগিয়ে নিয়ে আমার প্রতি যে প্রধানমন্ত্রীর আস্থা ছিলো, তার প্রতিদান দেবো।
তিনি বলেন, ২৬ মার্চ জাতীয় দিবস ও স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। পরিকল্পনা অনুযায়ী আমরা সফলভাবে পরিচালনা করতে পারবো। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আগামী দিনে কিভাবে সুষ্ঠু ও সফলভাবে চালিত হবে, সে বিষয়ে আমরা পরিকল্পনা করছি। প্রতিটি জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমিটি গনতান্ত্রিক ভাবেই হবে। সবেমাত্র আমি মন্ত্রী হয়েছি, আমাকে সময় দিতে হবে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশ সুপার শামসুল আলম সরকারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার আগে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ দলের বিভিন্নস্তরের নেতা কর্মীরা মন্ত্রী আহমেদ আযম খানকে ফুলেল শুভেচছা জানান।