স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের নতুন আদাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে ভলিবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।
এ সময় তিনি বলেছেন, দেশের তরুণ ও যুব সমাজকে বিপথগামী থেকে রক্ষা করতে ক্রীড়া চর্চা অব্যাহত রাখতে হবে। কারণ একমাত্র খেলাধুলার মাধ্যমেই তাদেরকে মাদক ও নানা ধরণের অপরাধ থেকে মুক্ত রাখা সম্ভব।

স্থানীয় আদাবাড়ী নবীন সংঘ এই ভলিবল টুর্ণামেন্টের আয়োজন করে। ফাইনাল খেলায় জামুর্কী ইউনিয়নের চুকুরিয়া আজাদ সমাজ কল্যাণ সমিতিকে চার পয়েন্টে মহেড়া ইউনিয়নের ডোকলাহাটি ইউথ সোসাইটি পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। সৌদিআরবের তাবিত কোম্পানীর প্রকল্প কর্মকর্তা জাহিদ হাসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির সহসভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, যুগ্ম সম্পাদক আলতাফ মিয়া ও টাঙ্গাইল-৭ আসনে বিএনপির মিডিয়া ম্যানেজার জাকির সিকদার প্রমুখ।