
ঘাটাইল প্রতিনিধি ॥
“চলবো মোরা একসাথে, জয় করব মানবতাকে” এই শ্রোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে অরাজনৈতিক মানবসেবা মুলক অনলাইন ভিত্তিক হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম “মানবতার মেলবন্ধন” গ্রুপের পক্ষ থেকে ক্যান্সার আক্রান্ত রোগীকে চিকিৎসা সহায়তা বাবদ নগদ অর্থ ২৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে মধুপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের টেকিপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে ক্যান্সার আক্রান্ত রোগী আব্দুল গফুর ও তার স্ত্রীর হাতে সহায়তার নগদ অর্থ তুলে দেয় এই সংগঠনটি।
এ সময় হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম “মানবতার মেলবন্ধন” গ্রুপের এডমিন ও সাবেক কুয়েত প্রবাসী মিজানুর রহমান, উপদেষ্টা আইয়ুব আলী, ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক, আব্দুল খালেক মাস্টার, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের (অব) সাবেক উপ পরিচালক দুলাল মিয়া, প্রভাষক হাসান আলী, জনতা ব্যাংক (অবসরপ্রাপ্ত) সিনিয়র অফিসার আব্দুল মোমেন। আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী সেকান্দার আলী, ব্যবসায়ী শফিক, ব্যবসায়ী মফিজ উদ্দিন ক্যান্সার আক্রান্ত রোগী আব্দুল গফুর ও তার পরিবারের সদস্যসহ সংস্থাটির অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গ্রুপের এডমিন মিজানুর রহমান বলেন, “চলবো মোরা একসাথে, জয় করব মানবতাকে” এই শ্রোগানকে ধারণ করে বিগত ২০২৫ সালে সমাজ, রাষ্ট্র ও জনগণের সার্বিক উন্নয়নে অংশীদার হওয়ার লক্ষ্যে “মানবতার মেলবন্ধন” নামে আমরা অলাভজনক অরাজনৈতিক সমাজ সেবামূলক একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা করি।
তিনি আরও বলেন, এরপর থেকে এই গ্রুপের পক্ষ থেকে অসহায়, দুঃস্থ, দরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার বিতরণ, চিকিৎসা সহায়তা প্রদান, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা ও বৃত্তি প্রদান, চাহিদা অনুযায়ী নিম্নবিত্ত পরিবারের ছেলে-মেয়েদের বিবাহে সহায়তা প্রদান, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও অসচ্ছল দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান, প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সহায়তার লক্ষ্যে মেডিকেল ক্যাম্প করে চিকিৎসা সহায়তা প্রদানসহ সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছি। সমাজ উন্নয়নমূলক সকল কাজে এলাকাবাসীর সমর্থন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে অনুপ্রেরণা যোগাচ্ছে। সবার সার্বিক পরামর্শ ও সহযোগিতা পেলে তাদের কার্যক্রমের পরিমাণ ও পরিধি বৃদ্ধি করা হবে বলেও তিনি জানান।






