
স্টাফ রিপোর্টার ॥
ফাগুনের ধারা এগিয়ে নিয়ে যাচ্ছে চৈত্র হয়ে বৈশাখের দিকে। আর প্রকৃতিতে গাছে গাছে এসেছে কচি পাতা। কদিন আগের পাতাঝরা ন্যাড়া গাছগুলো এখন সেজেছে নব পল্লবে। গাছের ডালপালা আবারও ভরে উঠেছে কচি পাতায়। সবুজ কচি পাতার সমারোহ টাঙ্গাইলের শহর ও গ্রামগুলোতে। শীতের জীর্ণতা ঝরিয়ে ফাগুনের হাওয়া আর নব পল্লবের ছোঁয়ায় প্রকৃতি ফিরে পেয়েছে নতুন রূপ। চারদিকে সবুজের আবরণ যেন মানুষের মনেও বসন্তের রঙ ছড়িয়ে দিচ্ছে।
মেহগনি, গগনশিরীষ, জারুল, সোনাইল, কৃষ্ণচূড়া, কদম, আম, জামসহ নানান গাছেই গজে উঠেছে নতুন পাতা। গাছে গাছে জেগেছে নতুন প্রাণ। চারদিকে শুধু সবুজের সমারোহ। এ যেন প্রকৃতিতে এক অন্যরকম সৌন্দর্য ধরা দিয়েছে। এই সময়ে আম গাছে মুকুল, কাঁঠালে মুচি, জাম্বুরায় ফুল, সজিনায় ডাঁটা সব মিলিয়ে গ্রামবাংলার চিরচেনা দৃশ্য যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। শীতের শেষে ঝরে যাওয়া পাতায় ন্যাড়া হয়ে থাকা গাছগুলো এখন সেজেছে কচি পাতায়। যেদিকে চোখ যায়, শুধু সবুজ আর সবুজ।
প্রকৃতির এই রূপে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন পথচারীরা। নবদম্পতি ও তরুণ-তরুণীদের কাছেও কচি পাতার এই সমারোহ আলাদা আকর্ষণ তৈরি করেছে। শিশুরাও নতুন পাতাকে খেলার অনুষঙ্গ হিসেবে বেছে নিচ্ছে। বিকেলের আলোয় কচি পাতার দোলায় গ্রামাঞ্চলে তৈরি হচ্ছে এক অপূর্ব দৃশ্য। একই সঙ্গে মাঝে মাঝে বইছে ফুরফুরে হাওয়া। এমন হাওয়া ছুঁয়ে দিচ্ছে বৃক্ষের কিশোর সবুজ পাতাকে। মৃদু বাতাসের তালে তালে দোল খাচ্ছে নবপত্র। কচিঁপাতা এখন দিয়েছে সবুজের পূর্ণতা। প্রকৃতির এ সৌন্দর্যের রুপ চোখে পড়ছে প্রকৃতিপ্রেমী মানুষের।
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কালিপদ চক্রবর্তী বলেন, ঋতুরাজ বসন্তের আগুনঝরা ফাগুনে গাছে গাছে জেগে উঠছে সবুজ পাতা। প্রকৃতির এই পালাবদলে সারা দেশের মতো টাঙ্গাইলেও গাছে গাছে কচি পাতার মিষ্টি সুবাসে মুখর হয়ে উঠেছে চারপাশ। সমাজবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ইউসুফ আলী বলেন, গাছে গাছে নতুন সবুজ পাতার সমাহারের জন্য কলেজ ক্যাম্পাসের সৌন্দর্য দ্বিগুণ করে তুলেছে। কলেজের যেদিকেই তাকায় শুধু লাল ভবন আর সবুজের সমারোহ চোখে পড়ছে। যা খুবই চমৎকার লাগে। মানসিক প্রশান্তি বয়ে আনেছে এই সবুজের সমারোহ।
বাংলা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের আরেক শিক্ষার্থী জুবাইদা আক্তার লাকি বলেন, গাছে গাছে নতুন পাতা বহন করে নতুন সময়ের সুচনা, গাছের বুক চিরে বের হওয়া কচি শাখা-প্রশাখা বৃক্ষ জীবনে নতুন অধ্যয়ের সুচনা। গাছে গাছে নতুন কচি পাতা যেমন আমাকে দেখার আনন্দ দেয়। তেমন শিক্ষাও দেয়। নতুনের এই ছোয়া সবার মাঝে মুক্তানন্দে ছড়িয়ে পড়ুক।
কৃষি কর্মকর্তা এম কবির বলেন, ফাল্গুন এলেই প্রকৃতিতে নতুন পাতা গজায়, যা পরিবেশে এক নতুন মাত্রা যোগ করে। গাছের দিকে তাকালেই কচি পাতার সবুজ আভা চোখে পড়ে। এই সবুজের সমারোহ মানসিক প্রশান্তি এনে দেয়। বসন্তের এই রূপ শুধু ঋতু পরিবর্তনের বার্তা দেয় না, মানুষের মনেও জাগিয়ে তোলে নতুন আশার সঞ্চার।






