স্টাফ রিপোর্টার ॥
পূর্ব শত্রুতার জেরে টাঙ্গাইলের কালিহাতি উপজেলা রামদেব পুর গ্রামের কিশোর নাইম শেখ কে কুপিয়ে হত্যা করার অন্যতম দুই আসামি র্যাবের অভিযানে গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলো মোঃ শরিফুল ইসলাম (৩২) এবং শামীম হোসেন (৩৩)। উভয়ের বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার রামদের পুর গ্রামে। রবিবার (২৯ মার্চ) বিকেলে তথ্য প্রযুক্তির সহায়তায় সখীপুর এবং টাঙ্গাইল সদর থেকে তাদের গ্রেফতার কর হয়। সোমবার (৩০ মার্চ) দুপুরে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প হতে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কালিহাতী উপজেলার রামদের পুর গ্রামের বাসিন্দা নিহত নাইম শেখ (১৭) গ্রেফতার হওয়া আসামিদের প্রতিবেশী। বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে পূর্ব হতে বিরোধ চলে আসছিলো। উক্ত বিরোধের জের ধরে গত ২৫ মার্চ সকালে নাইম শেখ (১৭) বাড়ি হতে নিকটস্থ শিমুল বাজারে যাওয়ার পথে গ্রেফতার হওয়া ও এজাহারনামীয় আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এলোপাথাড়িভাবে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। নাইম শেখের পরিবারের সদস্যগণ এগিয়ে এলে তাদেরকেও গুরুতর রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাইম শেখ (১৭) কে মৃত ঘোষনা করেন। উক্ত ঘটনায় নিহত নাইম শেখ এর পিতা ওসমানি আলী শেখ (৪৪) বাদী হয়ে ২৬ মার্চ টাঙ্গাইলের কালিহাতি থানায় হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলা রুজুর পর সিপিসি-৩, র্যাব -১৪, টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্তসহ পলাতক আসামিদের গ্রেফতারে তৎপর হয়।
এরই প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় রবিবার (২৯ মার্চ) বিকেলে টাঙ্গাইল জেলার সখিপুর থানার যাদবপুর এলাকা হতে আসামি মোঃ শরিফুল ইসলাম (৩২) এবং টাঙ্গাইল সদর থানার ঘারিন্দা বাইপাস এলাকা হতে আসামি শামীম হোসেন (৩৩) কে গ্রেফতার করা হয়।
গ্রফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য টাঙ্গাইল জেলার কালিহাতি থানায় হস্তান্তর করা হয়েছে।