
স্টাফ রিপোর্টার, কালিহাতী ॥
মন্ত্রীসভার সিদ্ধান্ত অনুযায়ী ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার উদ্যোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেলে কালিহাতী পৌরসভার সামনে উপজেলা অডিটোরিয়াম সংলগ্ন এলাকায় অভিযান পরিচালিত হয়। পৌরসভার প্রশাসক ও কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামের নির্দেশনায় পরিচালিত কর্মসূচিতে আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ, নর্দমা পরিষ্কার এবং ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা শিব প্রসাদ সূত্রধর, পৌরসভার উচ্চমান সহকারী রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। তারা একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং এলাকাবাসীকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সচেতন করেন।
পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, মশার উপদ্রবপ্রবণ ও অপরিচ্ছন্ন এলাকাগুলো চিহ্নিত করে সেখানে নিয়মিতভাবে অভিযান চালানো হবে। যাতে ডেঙ্গু ও চিকনগুনিয়ার ঝুঁকি কমানো যায়।






