
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বাসী, পঁচা ও পোঁকাযুক্ত গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস ব্যাবসায়ীকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার (৩১ মার্চ) মধুপুর উপজেলার হাটখোলাতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় রাকিবুল ইসলাম রাকিব নামের এক মাংস বিক্রেতাকে বাসী, পঁচা ও পোঁকাযুক্ত গরুর মাংস বিক্রির অভিযোগের সত্যতা পায়।
পরে ওই মাংস বিক্রেতা ও কসাই রকিবকে ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন জানান, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে। উক্ত মাংস ব্যবসায়ীকে অর্থদন্ড সহ জব্দকৃত প্রায় ১ মন মাংস মাটির নিচে পুঁতে ফেলা হয়। অভিযুক্ত কসাই রাকিবের বাড়ি মধুপুর পৌর শহরের পুন্ডরা এলাকায়।
এ অভিযান পরিচালনাকালে প্রসিকিউটর হিসেবে মধুপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শহিদুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।






