
স্টাফ রিপোর্টার, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার বেতডোবা মেঘাখালী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে মজুতকৃত ৪০ লিটার অকটেন তেল উদ্ধার করা হয়েছে। পরে তা সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করেছে কালিহাতী উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে এ অভিযান পরিচালনা করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম। অভিযানে মুজুতদার মনির হসেনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মনির হোসেন নামের এক ব্যক্তি কালিহাতী পৌরসভার বেতডোবা মেঘাখালী এলাকায় অবৈধভাবে অকটেন মজুদ করে। সে অকটেন লিটার প্রতি ২৫০ টাকায় বিক্রি করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪০ লিটার অকটেন তেল উদ্ধার করা হয়।
পরে জব্দকৃত অকটেন তাৎক্ষণিকভাবে সরকার নির্ধারিত মূল্যে মোটরসাইকেল চালকদের নিকট বিক্রি করা হয়।
এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম জানান, জনস্বার্থবিরোধী ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






