
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ঘাটাইলে পুকুরে ডুবে দুই মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার রত্নাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার শরবাড়ি আতেকা পাড়ার আশরাফুল ইসলামের মেয়ে তামান্না আক্তার (১১) ও শালিকা গ্রামের আব্দুর রহিমের মেয়ে নিসা খাতুন (১২)।
স্থানীয় সূত্রে জানা যায়, তারা চারজন একসঙ্গে মাদরাসার পাশে পুকুরের পাড়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন দুজনকে মৃত এবং অপর দুইজনকে জীবিত উদ্ধার করেন। উদ্ধারকৃত দুইজনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উদ্ধার হওয়া দুইজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। মরদেহ পুলিশ উদ্ধার করে, পরে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করেছে।






