ঘাটাইল প্রতিনিধি ॥
উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান চর্চার আহ্বানে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। "উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৮ এপ্রিল) ঘাটাইল উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ঘাটাইল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জাহিদুর রহমান।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জাহিদুর রহমান বলেন, একটি বিজ্ঞানমনস্ক জাতি গঠনে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী করে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান, শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, ঘাটাইল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক খলিলুর রহমান, সিনিয়র শিক্ষক খলিলুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে। এ সময় অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা ও প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ২৩টি স্টল সাজিয়েছে, যা দর্শনার্থীদের আকর্ষণ করেছে। বিভিন্ন বৈজ্ঞানিক মডেল, প্রযুক্তিনির্ভর সমাধান এবং পরিবেশবান্ধব উদ্ভাবন মেলায় বিশেষভাবে নজর কাড়ে। এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ভিত্তিক চিন্তা, উদ্ভাবনী দক্ষতা এবং সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি করে। একই সঙ্গে দেশের প্রযুক্তি নির্ভর উন্নয়ন ও টেকসই ভবিষ্যৎ গঠনে নতুন প্রজন্মকে প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।