
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে একজনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর দক্ষিণ পাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর দক্ষিণ পাড়া এলাকায় ঝিনাই নদীর পাড় থেকে বেশ কিছুদিন ধরে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিল একটি চক্র।
অভিযানে কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর দক্ষিণ পাড়া গ্রামের মৃত আমির আলীর ছেলে আব্দুল মজিদকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে বাসাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ নেয়ামত উল্ল্যা বলেন, ঝিনাই নদীর পাড় থেকে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কেটে বিক্রয় করছে। এমন অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।






