
স্টাফ রিপোর্টার ॥
আগামী পহেলা বৈশাখ, (১৪ এপ্রিল) মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড বিতরণ প্রি পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করবেন। এদিন সকাল সাড়ে ১০টায় শহীদ টাঙ্গাইল মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার উজ্জল হোসেনের সাক্ষর করা সফরসুচিতে এ তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর সফরসূচি জেলার বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
সফরসুচি জানানো হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় ঢাকার নিজ বাস ভবন থেকে সড়ক পথে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হবেন। সকাল ১০ টায় টাঙ্গাইল পৌছাবেন। এরপর প্রথমে তিনি সন্তোষে উপস্থিত হয়ে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করবেন। পরে সকাল সাড়ে ১০ টায় টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে উপস্থিত হয়ে কৃষক কার্ড বিতরণ প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করবেন। পরে দুপুর ১২টা ১৫ মিনিটে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত কৃষি মেলায় উদ্বোধন করবেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, এই কার্ডের মাধ্যমে ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, ঋণ এবং কৃষি উপকরণের সুবিধা পাবেন। এই কর্মসূচির আওতায় প্রত্যেক ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক আর্থিক অনুদান হিসেবে গড়ে ২ হাজার ৫০০ টাকা সমমূল্যের ভর্তুকি বা কৃষি উপকরণ পাবেন।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কয়েকদিন আগে থেকেই শহীদ মারুফ স্টেডিয়ামে মঞ্চ প্রস্তত ও স্টেডিয়ামসহ এর আশপাশের এলাকায় সৌন্দর্য বৃদ্ধিসহ বিভিন্ন সংস্কার করা হচ্ছে। একই সঙ্গে টাঙ্গাইল পৌর উদ্যানও প্রস্তুত করা হচ্ছে। অপরদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টাঙ্গাইল পৌর এলাকায় ভাঙা সড়কগুলো সংস্কার করা হচ্ছে।
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর আগমনে কয়েকস্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।






