
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ ক্যাম্পাসের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ও পরে অভিভাবকদের মতবিনিময় করেন।
এবারের জিএসটি ভর্তি পরীক্ষা ২০টি বিশ্ববিদ্যালয়ে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে সারাদেশ থেকে মোট ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ৪৭২ জন।
বিশ্ববিদ্যালয় ও ক্যাম্পাসস্থ শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার্থীর সংখ্যা ৮ হাজার ৩৫৪ জন। সহযোগী কেন্দ্র হিসেবে কুমুদিনী সরকারি কলেজে পরীক্ষার্থীর সংখ্যা ৮৯০ জন এবং সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২২৮ জন ।





