
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মাত্র পাঁচ টাকায় হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের মধ্যে রান্না করা দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) জুম্মার নামাজের পর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদা নির্ভীক ফাউন্ডেশনের উদ্যোগে খাবার বিতরণ করা হয়। মাত্র ৫ টাকায় খাবার খেয়ে খুশি নিম্নআয়ের সাধারণ মানুষেরা।
দুপুর আড়াইটা থেকে খাবারের জন্য পাঁচ টাকার টোকন সংগ্রহ করে অপেক্ষা করতে থাকেন সুবিধাবঞ্চিত শিশু, রিকশাচালক, ভ্যানচালক, ভিক্ষুক ও ছিন্নমূল মানুষজন। মাত্র পাঁচ টাকার বিনিময়ে পেটভরে মিক্স খিচুড়ি মুরগির মাংস পান তারা। এ সময় প্রায় সাড়ে ৩শ’ মানুষকে খাবার বিতরণ করা হয়।
সরেজমিনে দেখা যায়, মাত্র ৫ টাকায় দুপুরের খাবার জন্য প্রথমে টোকেন সংগ্রহ করছেন নিম্নআয়ের মানুষজন। নিম্নআয়ের মানুষের পাশাপাশি মধ্যবৃত্তদেরও খাবার সংগ্রহ করতে দেখা যায়। তবে বেশির ভাগ মানুষ রিকশাচালক, ভ্যানচালক, ভিক্ষুক ও ছিন্নমূল শ্রমিক শ্রেণীর মানুষজন। তারা সুশৃঙ্খলভাবে খাবার সংগ্রহ করছেন।
খাবার বিতরণের সময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দা তাসমো, সামিউল হাসান সাদি, সভাপতি শাহিন সরকার, সাধারণ সম্পাদক মারুফ শিকদার, আলোকিত জীবন ফাউন্ডেশনের ফাউন্ডার শাম্মী হুদা, লন্ডন প্রবাসী সংগ্রাম মোহাম্মদ প্রমুখ উপিস্থত ছিলেন।

খাবার নিতে আসা রিকশা চালক রাসেদ মিয়া বলেন, রিক্সা চালিয়ে আমরা দুপুরে ঠিকমতো খেতে পারি না। মাত্র ৫ টাকায় খাবার সংগ্রহ করলাম। এতো কম টাকায় এর আগে কখনোই খাবার পায়নি। আরেক রিক্সা চালক সালাম মিয়া বলেন, রিক্সা চালিয়ে আমাদের সংসার চালানো খুবই কষ্টকর। অনেক সময় দুপুরে আমরা না খেয়ে থাকি। মাত্র ৫ টাকার বিনিময়ে রান্না করা খাবার পেয়ে আমরা খুশি।
আয়োজকরা জানায়, প্রতিমাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহের শুক্রবার তারা ৫ টার বিনিময়ে দুপুরের খাবার বিতরণ করেন। সংগঠনের বেশির ভাগই শিক্ষার্থী। প্রায় দেড় বছর ধরে তারা এ কার্যক্রম করছেন।
সংগঠনের সভাপতি শাহিন সরকার বলেন, এ খাবারকে কেউ যেন ফ্রি খাবার বা ভিক্ষাবৃত্তি মনে না করেন সেজন্য ৫ টাকা করে নেওয়া হয়। নিজ অর্থায়নেই আমরা নিম্নআয়ের মানুষের মধ্যে খাবার বিতরণ করছি। প্রতি মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহের শুক্রবারে এ খাবার বিতরণ করা হয়ে থাকে। হতদরিদ্র মানুষদের খাবার আয়োজন করতে পেরে আমাদের খুব ভালো লাগে। যে কেউ আমাদের এ কাজে সহযোগিতা করতে পারেন। আমাদের এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে।






