
নুর আলম, গোপালপুর ॥
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ২০২৫-৩০ মেয়াদে দেশের ৬৪ জেলায় প্রায় সাত হাজার কিলোমিটার খাল খনন, পূর্ণ খনন ও সংস্কার কার্যক্রম পরিচালনা করছে। এর ধারাবাহিকতায় চলতি অর্থবছরের ইজিপিপি প্রকল্পের আওতায় ১ হাজার ৫০০ কিলোমিটার খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
রবিবার (১২ এপ্রিল) সকালে এই প্রকল্পের অংশ হিসেবে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় সাখারিয়া খাল পূর্ণ খনন (৬ কিলোমিটার) প্রকল্পের উদ্বোধন করা হয়। গোপালপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে প্রকল্পের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শুভ বসাক।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, গোপালপুর পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, গোপালপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।






