স্টাফ রিপোর্টার ॥
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে সরকার চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ক্রীড়া মন্ত্রণালয়ের মৌখিক আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ কাজগুলো একটি একটি পরিকল্পনা মাফিক শেষ করবো।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলে শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষক কার্ড বিতরণের অনুষ্ঠাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের জাতীয় খেলোয়াড়দের ক্রীড়া ভাতার ব্যবস্থা করা হয়েছে। আগামী (২ মে) নতুন কুঁড়ি স্পোর্টস সিলেট থেকে একযোগে সারাদেশের জেলা শহরে প্রত্যেকটি স্টেডিয়ামে ১২ থেকে ১৪ বছর বয়সী বাচ্চাদের কার্যক্রম চালু হবে। আমাদের সন্তানরা, ভবিষ্যৎ প্রজন্ম যাতে জাতির জন্য, সমাজের জন্য গড়ে উঠতে পারে। নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রম বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে।
এ সময় মৎস্য ও প্রানিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।