
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের সখীপুরে রাস্তার পাশের ঝোপ (জঙ্গল) থেকে উদ্ধার হওয়া নবজাতক কন্যা শিশুর বিকল্প পরিচর্যার জন্য (দত্তক) আগ্রহী ব্যক্তিদের আবেদন করার আহ্বান জানিয়েছে সখীপুর উপজেলা সমাজসেবা কার্যালয়। আগ্রহী ব্যক্তিরা আগামী (১৬ এপ্রিলের) মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরাবর আবেদন করতে পারবেন। রবিবার (১২ এপ্রিল) সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনী এবং সখীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ সাক্ষরিত উপজেলা সমাজসেবা কার্যালয় এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এর আগে শনিবার (১১ এপ্রিল) ভোরে সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বারোমন্ডলের চালা এলাকায় রাস্তার পাশের ঝোপ (জঙ্গল) থেকে কন্যা শিশুকে উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী আব্দুর ছালাম ও সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন সাংবাদিকদের জানান, শনিবার (১১ এপ্রিল) ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি হঠাৎ শিশুর কান্নার শব্দ শুনতে পান। পরে রাস্তার পাশের ঝোপের (জঙ্গল) ভেতরে গিয়ে নবজাতকটিকে দেখতে পান। খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় কন্যা শিশুটিকে উদ্ধার করা হয়। তার শরীরে কোনো কাপড় ছিল না, শুধু একটি পাতলা কাঁথায় মোড়ানো ছিল। রাতে বাইরে থাকার কারণে শিশুটির শ্বাসকষ্ট ও ঠাণ্ডাজনিত সমস্যা দেখা দিয়েছে। উদ্ধারের পর দ্রুত শিশুটিকে সখীপুর মা ও শিশু ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক ডা. শামসুল আলমের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে মির্জাপুর উপজেলা কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়।
কুমুদিনী হাসপাতালের উপ পরিচালক অনিমেষ ভৌমিক সাংবাদিকদের বলেন, ধীরে ধীরে নবজাতকের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে নবজাতককে সাধারণ বিছানায় নেয়া হয়েছে। এখন অক্সিজেন লাগছে না। শিশুকে সুস্থ করে তুলতে চিকিৎসকেরা চেষ্টা করছেন। শিশুর সুস্থতা কামনা করে হাসপাতাল কর্তৃপক্ষ সবার কাছে দোয়া চেয়েছেন।
সখীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ সাংবাদিকদের জানান, রাস্তার পাশ থেকে জীবিত উদ্ধার হওয়া নবজাতকের বিকল্প পরিচর্যার জন্য শিশু আইন ২০১৩ এর ৮৪ ধারা অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী ব্যক্তিদের আবেদন করতে বলা হয়েছে।
সমাজসেবা কার্যালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নাম-পরিচয় ও ঠিকানাবিহীন এক দিন বয়সী কন্যা শিশুটি বর্তমানে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে রয়েছে। বিকল্প পরিচর্যার জন্য আগ্রহী ব্যক্তিদের আবেদনপত্রের সঙ্গে স্বঘোষিত আর্থসামাজিক মূল্যায়ন ফরম জমা দিতে হবে। এই ফরম টাঙ্গাইল জেলার সব সমাজসেবা কার্যালয়ে পাওয়া যাবে।






