স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি সার্জন ডাক্তার সামিউর রশিদ রিফাতকে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। রোববার (১৯ এপ্রিল) হাসপাতালের পরিচালক আব্দুল কুদ্দুছ তাঁকে শোকজ করেছেন। কারণ দর্শানো নোটিশে অভিযোগ করা হয়, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি সার্জন ডাক্তার সামিউর রশিদ রিফাত কর্তৃপক্ষের বিনা অনুমতিতে ও এখতিয়ার বহির্ভূতভাবে হাসপাতালের জরুরী বিভাগের স্থায়ী স্থাপনার উপর বিভিন্ন রুমের দেয়াল ও প্রাচীরে অবকাঠামো ও বাহ্যিক পরিবর্তনের কাজ করেছেন। যা আইন ও নিয়ম বহির্ভুত।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আব্দুল কুদ্দুছ বলেন, সহকারি সার্জন সামিউর রশিদ রিফাত জরুরী বিভাগে এবং ক্যাজুয়ালটি বিভাগে দায়িত্ব পালন করেন। জরুরী বিভাগের যে রুমটিতে তিনি বসেন, সেখানে বাসাবাড়ির মতো সোফা সেট, কার্পেট ও অন্যান্য আসবাবপত্র দিয়ে সাজিয়েছেন। এছাড়াও দেয়ালে নানান রকম পরিবর্তন এনেছেন। দেয়ালে টাইলস ও সৌন্দর্যমন্ডিত দরজা লাগিয়েছেন।

এ ঘটনায় রোববার (১৯ এপ্রিল) হাসপাতালের উপ পরিচালক ও আরপিকে সাথে নিয়ে জরুরী বিভাগ সরেজমিন পরিদর্শনে যাই। এ সময় তাকে আইনগতভাবে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া জরুরী বিভাগের কোন রুমের পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন ও বিয়োজন করতে পারেন কিনা তা জানতে চাওয়া হয়। এ সময় তিনি যে আচরণ করেন তা খুবই অনাকাংখিত ও দুঃখজনক। এ ঘটনায় তাকে জরুরী বিভাগ থেকে সার্জারী অন্তঃ বিভাগ-২ বিভাগে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও আগামী তিন কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

এ ব্যাপারে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি সার্জন সামিউর রশিদ রিফাতের ভাষ্য, জরুরী বিভাগের সৌন্দর্য বর্ধনের জন্য রুমে এবং রুমের বাইরে আমি কিছু সাজসজ্জা করেছি। কারণ হলো রোগী ও তার স্বজনরা এসে যাতে স্বস্তি পায়। তবে কর্তৃপক্ষের অনুমতি নেওয়া আমার অবশ্যই প্রয়োজন ছিল। তিনি আরো বলেন, কর্তৃপক্ষ কারণ দর্শানোর যে নোটিশ দিয়েছেন দ্রুতই সেই নোটিশের জবাব দিব।