স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) Institutional Quality Assurance Cell (IQAC) এর উদ্যোগে BAC Accreditation Criteria and Preparation of Evidence শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজিই বিভাগের সেমিনার হলে কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ। তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের গুণগত মান নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন একটি অপরিহার্য প্রক্রিয়া। BAC এর মানদন্ড অনুসরণ করে প্রমাণ ভিত্তিক কার্যক্রম পরিচালনা করলে শিক্ষারমান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা সম্ভব হবে। শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা এই লক্ষ্য অর্জন করতে পারি।
তিনি আরও বলেন, শুধু নীতিমালা জানা যথেষ্ট নয়; বরং সঠিকভাবে ডকুমেন্টেশন ও প্রমাণ সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা সংশ্লিষ্টদের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক ও প্রশিক্ষণ কোর্স পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. খাইরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শাহ আদিল ইশতিয়াক।
কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, Program Self Assessment Committee (PSAC) এর সদস্যবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের প্রধানরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ইঅঈ এর অ্যাক্রেডিটেশন মানদন্ড, ডকুমেন্টেশন পদ্ধতি এবং প্রয়োজনীয় প্রমাণ প্রস্তুতের বিভিন্ন দিক তুলে ধরা হয়। আইকিউএসি পরিচালক জানান, এ ধরনের প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
উল্লেখ্য, দেশের উচ্চ শিক্ষার গুণগতমান নিশ্চিত করতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (BAC) বিভিন্ন মানদন্ড নির্ধারণ করে থাকে এবং বিশ্ববিদ্যালয়গুলোকে সেই মানদন্ড অনুসরণে উৎসাহিত করে।