
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি বালু উত্তোলনের দায়ে এক অসাধু মাটি ব্যবসায়ীকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে উপজেলার রশিদ দেওহাটা তেলিপাড়া সরকারি বালু মহাল এলাকায় অভিযান পরিচালনা করে এই রায় দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক খান সালমান হাবীব। মির্জাপুর উপজেলার গোড়াই গ্রামের নূরুল হকের ছেলে সোহাগ মিয়াকে (৩০) জরিমানা করা হয়।
মির্জাপুর উপজেলা প্রশাসন ও স্থানীয়রা জানায়, মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের রশিদ দেওহাটা তেলিপাড়া এলাকায় সরকারি বালু ভেকু মেশিন দিয়ে উত্তোলন করছিল অসাধু ব্যবসায়ীরা। পরে খবর পেয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব অভিযান চালিয়ে বালু উত্তোলন বন্ধ করে দেন। এ সময় মাটি ব্যবসায়ী সোহাগ মিয়াকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা জুবদিল খানসহ পুলিশ সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব বলেন, অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সরকারি জমিতে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






