
স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ারে খরিপ-১ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৯০০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে পাট, তিল ও আউশ ধানের বীজ এবং সার। শনিবার (২৫ এপ্রিল) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল হাসান ও উপজেলা যুবদলের আহবায়ক অপু তালুকদার শিপলু উপস্থিত ছিলেন।
দেলদুয়ার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি কর্মকর্তা মাহবুবুল হাসান জানান, চলতি মৌসুমে সরকারি প্রনোদনার আওতায় উপজেলার ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে নির্দিষ্ট পরিমাণ সারসহ পাট, তেল ও আউশ ধানের বীজ বিতরণ করা হবে।
তেলবীজ চাষে উদ্বুদ্ধকরণের লক্ষে ৩০০ কৃষকের মাঝে ১ কেজি করে তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হবে। এছাড়া ৩০০ পাট চাষীকে ১ কেজি করে পাটবীজ ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেয়া হবে। সেই সাথে ৩০০ কৃষকের মাঝে ৫ কেজি করে আউশ বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হবে।






